যুক্তরাষ্ট্রে মসজিদে লাইভ করে হামলা ১৭ বছরের কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা

সান দিয়েগো মসজিদে হামলা: সরাসরি সম্প্রচারে সহায়তার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় ১৭ বছরের কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা বিশেষ প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোর একটি মসজিদে বন্দুক হামলার ঘটনা সরাসরি সম্প্রচার (লাইভ স্ট্রিম) এবং হামলাকারীদের বার্তা প্রচারে সহায়তা করার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার স্থানীয় গ্র্যান্ড জুরি তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করে। আনাদোলু এজেন্সির প্রতিবেদন সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোরী উত্তর ক্যারোলিনার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে গত সপ্তাহে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলার নথি ও কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১৮ মে সান দিয়েগোর ইসলামিক সেন্টারে নৃশংস এই হামলা চালানো হয়। ১৭ বছর বয়সী কেইন ক্লার্ক ও ১৮ বছর বয়সী ক্যালেব ভাসকেজ নামে দুই তরুণ মসজিদে অতর্কিত হামলা চালায়। এতে মসজিদের নিরাপত্তাকর্মী আমিন আবদুল্লাহসহ মোট তিনজন নিহত হন। হামলার পরপরই দুই হামলাকারী কাছের একটি গাড়িতে অবস্থান নিয়ে আত্মহত্যা করে। স্থানীয় জেলা অ্যাটর্নি জিম ও’নিল জানান, হামলাকারীরা মাথায় 'গোপ্রো' ক্যামেরা লাগিয়ে পুরো তাণ্ডব সরাসরি সম্প্রচার করেছিল। অভিযুক্ত কিশোরী মূল হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রেখে সেই লাইভ স্ট্রিম পরিচালনা ও প্রচার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মসজিদ ছাড়াও একটি ইহুদি উপাসনালয় (সিনাগগ) এবং কৃষ্ণাঙ্গ অধ্যুষিত একটি হাইস্কুলে একই ধরনের হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। কিশোরীর বয়স ১৭ হলেও অপরাধের ভয়াবহতা বিবেচনা করে তার বিচার প্রাপ্তবয়স্ক হিসেবেই চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছে বিচার বিভাগ। সান দিয়েগোর ধর্মীয় উপাসনালয়ে এই হামলার ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়সহ পুরো যুক্তরাষ্ট্রে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

আমার সম্পর্কে

Freedom News BD