ছবি সংগৃহীত
_ডেস্ক রিপোর্ট | ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার_
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার অনুপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
ভারতের দ্য ওয়াল পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’ ছোট বোন শেখ রেহানা সম্পর্কে তিনি বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’
সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও জানান। তিনি বলেন, ‘ডিসেম্বর মাসটা আমি বেছে নিয়েছি। এটা আমাদের বিজয়ের মাস।’ একইসঙ্গে এয়ারপোর্টে তাকে হত্যা করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন। ‘প্রত্যেকের জীবনের ঝুঁকি আছে। আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না,’ বলেন তিনি।
তিনি অভিযোগ করেন, দেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে। এর প্রভাব শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ‘বাংলাদেশে জঙ্গিবাদীদের উত্থানের খেসারত ভারতকেও দিতে হবে,’ বলেন শেখ হাসিনা। তার মতে, প্রতিবেশী দেশের অস্থিরতা ও মৌলবাদী শক্তির বিস্তার ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলবে।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি বিদেশে অবস্থান করে রাজনীতি করেছেন। আমি তো বাধা দিইনি। আমি দিল্লি থেকে কথা বললেই দোষ?’ তারেক রহমানের ভারত সফর নিয়ে দর কষাকষিকে ‘নিজের দেশকে খাটো করা’ বলেও মন্তব্য করেন।
ভারত সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। বলেন, ‘ভারত সরকার কী ভেবে বাংলাদেশের নির্বাচন সমর্থন করল, তারেককে ফিরিয়ে আনল—সেটা ভারত সরকারই ভালো বলতে পারবে।’
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘আমার তো হৃদয়ে রক্তক্ষরণ হয়, যখন দেখছি আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে।’ তিনি অন্তর্বর্তী সরকারকে ‘মেটিকুলাস ডিজাইন’ আখ্যা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলেন।
২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমি দেশ ছেড়ে আসতে চাইনি। আমাকে বলা হয়েছিল টুঙ্গিপাড়া যাচ্ছি। এয়ারক্রাফটে ওঠার পর জানলাম ভারতে চলে এসেছি।’
সরকার ট্রাভেল ডকুমেন্ট না দিলে কীভাবে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশটা আমার। আমার বাবা এদেশ স্বাধীন করেছে। আমাকে ফিরতে দেবে না কেন? তারা ভারতের কাছে চাচ্ছে আমাকে ফেরত দিতে। যখন ফেরত দেওয়ার কথা বলছে তখন ফেরত কেন, আমি নিজেই যাব।’
তিনি আরও দাবি করেন, তার নেতাকর্মীদের বিরুদ্ধে ৬ লাখ মামলা দেওয়া হয়েছে। |