![]() |
| ছবি সংগ্রহীত |
‘কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে?’—কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
অনলাইন ডেস্ক
কক্সবাজার
শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও তৎপরতা নিয়ে কড়া মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না।”
শুক্রবার কক্সবাজারে ৫০০ শয্যাবিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের কোনো অনুশোচনা নেই। তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই এ দেশে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ বাংলাদেশের মানুষ কখনো দেবে না। জনগণ তাদের রাজনীতি করার অনুমতি কোনোদিনই দেবে না।” বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি বা চিৎকার-চেঁচামেচি করলেও সরকার এসবকে আর গুরুত্ব দিচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।
এর আগে বেলা ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) ‘ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-০১’ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অবকাঠামো নির্মাণের পাশাপাশি পরিবেশ রক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, কেবল ইট-পাথরের ইমারত ও অবকাঠামো নির্মাণের দিকে মনোযোগ দিলে চলবে না। প্রকৃতিকে সংরক্ষণ করে পর্যটনের উন্নয়নে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। কক্সবাজার সমুদ্রসৈকতের পুরো ১০০ কিলোমিটার জুড়েই পর্যটনবান্ধব কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত।
তিনি আরও জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ইচ্ছামতো বিভিন্ন এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছিল। জরিপকাজ পরিচালনার মাধ্যমে ট্যুরিজম বিকাশের স্বার্থে তা পুনর্বিবেচনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
টেকনাফসহ বিভিন্ন এলাকায় ঘটে চলা অপহরণের মতো অপরাধ দমনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধ দমনে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় স্থানে ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে জিওসির সঙ্গে আলোচনা ও সরকারি পর্যায় থেকে সেনাবাহিনীকে প্রয়োজনীয় অনুরোধ জানানো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী এসব কর্মসূচিতে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, কউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন এবং কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুজিবুল হকসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
