মাদারীপুরে মা-কে ধর্ষণের পর হত্যা, নদীতে মিলল ১ বছরের শিশুর মরদেহ

মাদারীপুরে মা-কে ধর্ষণের পর হত্যা, নদীতে মিলল ১ বছরের শিশুর মরদেহ বিশেষ প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে শাম্পা আক্তার (২২) নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার ঘটনায় নিখোঁজ থাকা তাঁর এক বছরের শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মা ও শিশুর নির্মম এই পরিণতিতে গোটা এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। সোমবার (২৪ আগস্ট) সকালের দিকে উপজেলার নিলখী এলাকার মন্নান হাজীর মোড় সংলগ্ন আড়িয়াল খাঁ নদের মাদ্রাসা ঘাট থেকে শিশু আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আড়িয়াল খাঁ নদে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীরা শিবচর থানা ও নৌ-পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর তা ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে, গত ১৯ আগস্ট সকালে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার এক নির্জন ঝোপের পাশ থেকে শাম্পা আক্তারের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। নাটোরের লালপুরের মেয়ে শাম্পার তিন বছর আগে মাদারীপুরের শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে বিয়ে হয়। ঘটনার পর ২০ আগস্ট নিহতের বাবা ছামরুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ ও র‍্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক মোল্লাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক মোল্লা স্বীকার করেছে যে, সে গৃহবধূ শাম্পা আক্তারকে ধর্ষণের পর হত্যা করে এবং তাঁর শিশুসন্তান আবিরকে আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেয়। শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

আমার সম্পর্কে

Freedom News BD