শিক্ষকদের কক্ষে রেখে তালা দিলো পরিক্ষায় ফেল শিক্ষার্থীরা

শেরপুর প্রতিনিধি | Freedom News BD শেরপুর সদর উপজেলার রামেরচর উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা শিক্ষকদের একটি কক্ষে আটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে শিক্ষার্থীদের দুটি দাবি মেনে নেওয়ার পর শিক্ষকদের মুক্ত করে দেওয়া হয়। সোমবার (১০ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় রামেরচর উচ্চবিদ্যালয় থেকে ৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মাত্র ২১ জন পাস করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাস করা ২১ জনের কেউই স্থানীয় শিক্ষার্থী নয়; তারা শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী। ফল প্রকাশের পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা শিক্ষকদের একটি কক্ষে আটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানান। পরে তাঁর মাধ্যমে খবর পেয়ে শেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষকদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থী ও অভিভাবকদের দুটি দাবিতে সম্মতি দেওয়ার পর শিক্ষকদের কক্ষের তালা খুলে দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ফেল করা শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) খরচ শিক্ষকদের বহন করতে হবে এবং ২০২৭ সালে অকৃতকার্য বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের ফরম পূরণের খরচও শিক্ষকদের দিতে হবে। স্থানীয় অভিভাবক ও ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হোসেন অভিযোগ করেন, তাঁর বড় ছেলে এই বিদ্যালয় থেকে ভালো ফল করে পাস করেছে। তবে শিক্ষকদের অমনোযোগ ও পাঠদানে গাফিলতির কারণে তাঁর ছোট ছেলে ফেল করেছে। তবে শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম। তিনি বলেন, শিক্ষকেরা পাঠদানে কোনো ধরনের গাফিলতি করেননি। শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা না করায় ফলাফল খারাপ হয়েছে। প্রধান শিক্ষক আরও বলেন, ঘটনার পেছনে শুধু পরীক্ষার ফলাফল নয়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বও ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন। শিক্ষার্থী ও অভিভাবকদের দুটি দাবি মেনে নেওয়ার বিষয়টিও তিনি নিশ্চিত করেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, রামেরচর উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বিক্ষোভ এবং শিক্ষকদের তালাবদ্ধ করে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শিক্ষকদের উদ্ধার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

আমার সম্পর্কে

Freedom News BD