জামালপুর প্রতিনিধি:
১৮৭ জন শিক্ষার্থী, বিপরীতে শিক্ষক রয়েছেন ১১ জন। সরকারি সুযোগ-সুবিধা ও নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন শিক্ষকরা। কিন্তু এর বিপরীতে অর্জনের ঝুলিতে শতভাগ অকৃতকার্য। জামালপুরের ইসলামপুর উপজেলার কদমতলী ক্বারীপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে প্রতিষ্ঠিত এবং ২০২২ সালে এমপিওভুক্ত হওয়া এই বিদ্যালয় থেকে এবারই প্রথমবারের মতো তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে প্রকাশিত ফলাফলে দেখা যায়, তাদের কেউই কৃতকার্য হতে পারেনি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ বলেন, "এবারের তিন পরীক্ষার্থীকে নিয়মিত এসএসসি ব্যাচের শিক্ষার্থী হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন-সংক্রান্ত বিষয় যাচাইয়ের জন্যই তাদের এবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী আমাদের প্রথম মূল নিয়মিত ব্যাচের শিক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।"
তবে শতভাগ অকৃতকার্যের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুর আলম। তিনি বলেন, "জেলায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে, তার একটিতে তিনজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। শিক্ষকেরা নিয়মিত সরকারি বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা পাচ্ছেন, অথচ সঠিক পাঠদান নিশ্চিত করছেন না।" অভিযুক্ত এসব প্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও জানান তিনি।
ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন-অর-রশীদ তিন পরীক্ষার্থীর সবাই ফেল করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার জানান, পূর্ণাঙ্গ ফলাফল হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বিস্তারিত দেখে মন্তব্য করা সম্ভব হবে।
উল্লেখ্য, এ বছর জামালপুর জেলার ৮৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৩৯ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৩০ হাজার ৭৮ জন, দাখিল ৫ হাজার ৩২১ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ৪ হাজার ২৭৩ জন। জেলায় এবার গড় পাসের হার ৫৫ দশমিক ৬০ শতাংশ।
