মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নেতা

আজ সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নিতে পারেন নতুন মন্ত্রীরা, রদবদল আসছে একাধিক মন্ত্রণালয়ে বিশেষ প্রতিবেদক: সরকারি কাজের গতি বৃদ্ধিতে মন্ত্রিসভার পরিধি বাড়াতে যাচ্ছে সরকার। চারজন নতুন সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারের দায়িত্বশীল সূত্র অনুযায়ী, নতুন মুখ হিসেবে যুক্ত হতে যাচ্ছেন ড. মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং শামীম কায়সার লিংকন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় এই সম্প্রসারণ ও রদবদলের বিষয়টি চূড়ান্ত হতে পারে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টন কিংবা পরিবর্তনের জোর গুঞ্জন রয়েছে। তালিকায় রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, কৃষি, খাদ্য, তথ্য ও সম্প্রচার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করায় এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এ দপ্তরগুলোতেও নতুন মুখ আসার সম্ভাবনা প্রবল। বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হতে পারে। ইতোমধ্যে নতুন মন্ত্রীদের বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের মাধ্যমে নির্ধারিত চালকসহ কয়েকটি পতাকাবাহী গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৩ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং ১০ জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

আমার সম্পর্কে

Freedom News BD