সংগ্রহীত ছবি
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আপাতত নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে এক নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
সফর সম্পর্কিত আপডেট বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "এই মুহূর্তে এ বিষয়ে আমার নতুন কিছু বলার নেই। কোনো হালনাগাদ তথ্য থাকলে আমি তা সময়মতো আপনাদের জানিয়ে দেব।"
সংবাদ সম্মেলনে ভারত ও বাংলাদেশের মধ্যে বহুল আলোচিত গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গটিও ওঠে আসে। ১৯৯৬ সালে ৩০ বছরের মেয়াদে স্বাক্ষরিত হওয়া এই ঐতিহাসিক চুক্তির বিষয়টি মনে করিয়ে দিয়ে জয়সওয়াল উল্লেখ করেন, চুক্তি সংক্রান্ত সব কারিগরি ও আনুষঙ্গিক বিষয় যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে বিস্তারিত আলোচনার অধীনে রয়েছে।
উল্লেখ্য, ঐতিহাসিক ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ চলতি বছরের শেষভাগে অর্থাৎ আগামী ডিসেম্বরে পূর্ণ হতে যাচ্ছে। চুক্তিটি সমাপ্তির কাছাকাছি পৌঁছানোয় উভয় দেশের মধ্যকার নিয়মিত দ্বিপাক্ষিক কাঠামোর অংশ হিসেবে চলতি বছরের শেষদিকেই এটি পুনরায় পর্যালোচনা করার কথা রয়েছে।
