ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক | ৬ সেপ্টেম্বর ২০২৬_
মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিশরের একটি আদালত টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আদালত জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে মাদক তৈরির উপকরণ আমদানি এবং একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়েছে।
মিশরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, দণ্ডপ্রাপ্তরা একটি অপরাধী চক্রের সদস্য। তারা বিদেশ থেকে মাদক তৈরির বিভিন্ন উপকরণ মিশরে নিয়ে আসতেন। অভিযানকালে তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়।
৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিশরে পরিচিত মুখ। ‘মিশন ইমপসিবল’ নামের একটি অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান উপস্থাপনা করে তিনি জনপ্রিয়তা পান। তবে আদালতে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
সারাহর দাবি, মাদকবিরোধী সংস্থার কর্মকর্তারা তাকে জোর করে মাদকের সামনে দাঁড় করিয়ে ছবি তুলেছেন। তার ভাষ্য, "জীবনে এর আগে আমি কখনো মাদক দেখিনি।"
আদালত সূত্র জানায়, অভিযুক্তদের কাছ থেকে প্রায় ৭৫০ কেজি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। মামলার শুনানিতে ২০ জন সাক্ষ্য দেন। এছাড়া আসামিদের কথোপকথনের রেকর্ড এবং ভিডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়।
প্রায় এক মাস আগে রায় দেওয়া হলেও সম্প্রতি তা প্রকাশ্যে আনা হয়। মিশরের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে দেশটির প্রধান মুফতির ধর্মীয় মতামত নেওয়া বাধ্যতামূলক। সেই মতামত পাওয়ার পরই আদালত রায় প্রকাশ করে।
আইনজীবীরা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্তদের আপিল করার সুযোগ রয়েছে। |