৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতার ২

 



ছবি সংগৃহীত 

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ফ্রিডম নিউজ বিডি ২৪

প্রকাশিত :২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের মীরসরাইয়ে যুবদল নেতার নেতৃত্বে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা (জৈব সার) লুটের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া জৈব সারের বাজার মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার আরাফাত হোটেলের পাশে একটি খালি জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন- করেরহাট ইউনিয়নের বাসিন্দা মজল হক (৩০) ও মো. শাকিল (২৪)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবদল নেতা শাখাওয়াত হোসেন প্রকাশ শাখা করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য। তার নেতৃত্বেই এই লুটের ঘটনা ঘটে বলে অভিযোগ।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় ৪টি ট্রাকের গতিরোধ করে একদল লোক। এ সময় চালকদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয় এবং তাদের মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে ট্রাক ৪টি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মধ্যম সোনাপাহাড় এলাকার আরাফাত হোটেলের পাশে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রমিক দিয়ে ট্রাকে থাকা ১ হাজার ৬৮০ বস্তা মুরগির বিষ্ঠা নামিয়ে নেওয়া হয়। পরে চালকদের মোটরসাইকেলে করে সেখানে নিয়ে গিয়ে মোবাইল ফোন ফেরত দিয়ে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী রিপন হোসেন জানান, তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার নাহার অ্যাগ্রো ফিড লিমিটেডের প্রকাশ্য নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে এসব মুরগির বিষ্ঠা কিনেছিলেন। চুক্তি অনুযায়ী ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কোম্পানির শেড থেকে মালামাল সরিয়ে নেওয়ার কথা ছিল। এরই অংশ হিসেবে ২১ সেপ্টেম্বর চারটি ট্রাকে করে জৈব সারগুলো ঠাকুরগাঁওয়ে নেওয়া হচ্ছিল। পথেই এই লুটের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে ২২ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। নাম উল্লেখ করা আসামিরা হলেন- নোয়াখালীর সুধারাম থানার জালিয়াল এলাকার আবির (২৮) ও কবির (৫০), মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার এলাকার বাসিন্দা যুবদল নেতা শাখাওয়াত হোসেন প্রকাশ সাখা এবং নাজিম উদ্দিন রানা (৩৪)।

তবে অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা শাখাওয়াত হোসেন। তিনি বলেন, "আমার নেতৃত্বে মুরগির বিষ্ঠা লুটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ আমাকে অনেক দিয়েছে; আমি কেন এসব ছোট বিষয়ে নজর দেব? ব্যবসায়ী রিপন নিজ থেকে মাঝে মধ্যে আমাকে খরচের টাকা দিত।"

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে মজল হক ও মো. শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা উদ্ধার করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।" 

Post a Comment

0 Comments