রোনালদো ছাড়া কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

ছবি উয়েফা নেশন্স লীগের 


স্পোর্টস রিপোর্ট ফ্রিডম নিউজ বিডি ২৪

প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬
 
রিপোর্টার সাহিবুর রহমান 

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নেশন্স লিগের গ্রুপ এ৪-এর শীর্ষে পর্তুগাল। রোনালদোকে ছাড়াই টানা চার জয়ে আগামী মার্চের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।

পোর্তোর দ্রাগাও স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পর্তুগিজরা। ম্যাচের আগে লিসবন ও পোর্তোর রাস্তায় টাঙানো ব্যানারে এক পাশে রোনালদোর ছবির নিচে লেখা ছিল 'ধন্যবাদ, ক্রিশ্চিয়ানো রোনালদো', অন্য পাশে কোচ জর্জ জেসুসকে নিয়ে নেতিবাচক বার্তা। মাঠে জেসুসকে দুয়োও শুনতে হয়েছে।

মাঠের লড়াইয়ে ৩৬ মিনিটে ক্রিস্টোফ আয়ারের ভলিতে এগিয়ে যায় নরওয়ে। দুই মিনিট পরই জোয়াও কানসেলোর ভলিতে সমতায় ফেরে পর্তুগাল। ৭৯ মিনিটে ভিতিনিয়ার বাড়ানো বল ফেলিক্স এগিয়ে দিলে জয়সূচক গোল করেন গনসালো রামোস।

রামোসের গল্পটা আলাদা। ওয়েলসের বিপক্ষে বদলি হিসেবে নামার পর থেকে টানা তিন ম্যাচে একাদশে সুযোগ পেয়ে তিনটিতেই গোল করেছেন তিনি। এর আগে অসলোতে নরওয়ের বিপক্ষে এবং কোপেনহেগেনে ডেনমার্কের বিপক্ষে রোনালদোকে একাদশের বাইরে রাখেন জেসুস। ওই সময় জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদ থেকে সৌদি আরবের পথে উড়াল দেন রোনালদো।

ম্যাচের শেষ দিকে ৮৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান্সিসকো কনসেইসাও। পেনাল্টির আবেদন নাকচ হওয়ায় প্রতিবাদ করে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেন তিনি। ১০ জন নিয়েও বাকি সময় গোল হজম করেনি পর্তুগাল। 

Post a Comment

0 Comments