.jpeg) |
| এস পি জাহাঙ্গীর আলম |
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ফ্রিডম নিউজ বিডি ২৪
প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬
পুলিশের অভ্যন্তরীণ ও প্রশাসনিক গোপন তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ডার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার ব্যবহৃত ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশের নির্দেশে ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে তলব করেন। সেখানে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের কিছু আলামত পাওয়া যায়। এর প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তার আইফোন ও স্যামসাং ব্র্যান্ডের দুটি ফোন জব্দ করা হয়।
জব্দকৃত ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাইবার উইংয়ে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, “প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাঙ্গীর আলমকে ডাকা হয়েছিল। বিষয়টি তদন্তাধীন। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০১০ সালে ২৮তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগদান করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে ডেপুটি কমান্ড্যান্ট (এসপি পদমর্যাদা) হিসেবে কর্মরত।
এ ঘটনায় পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
0 Comments