 |
| ছবি সংগৃহীত |
পটুয়াখালী প্রতিনিধি | ফ্রিডম নিউজ বিডি
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬
পটুয়াখালী মডেল মসজিদের ইমাম ও খতিবসহ তিনজনের বিরুদ্ধে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদী জাহানারা বেগম (৬৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন জাহানারা বেগম। মামলাটি ৮৬৪/২০২৫ নম্বরে নথিভুক্ত হয়। এতে মডেল মসজিদের ইমাম ও খতিব তানভীর হোসেন, খাদেম সাব্বির ও আহমাদুল্লাহর বিরুদ্ধে তার নাতনিকে ধর্ষণের অভিযোগ আনা হয়।
মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই তাদের তদন্ত প্রতিবেদনে জানায়, ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষীদের জবানবন্দিতে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাদীর নাতি মসজিদের মালামাল চুরির ঘটনায় স্থানীয়দের হাতে আটক হয়েছিল এবং পরে পুলিশ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এর জেরেই এই মামলা দায়ের করা হয় বলে অভিযুক্তদের দাবি।
এ বিষয়ে মডেল মসজিদের ইমাম তানভীর হোসেন বলেন, "মিথ্যা মামলার কারণে আমরা দীর্ঘদিন হয়রানির শিকার হয়েছি। ভবিষ্যতে যেন কেউ এভাবে হয়রানির শিকার না হন।"
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, "আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আমরা বাদীকে গ্রেফতার করেছি। তাকে আদালতে পাঠানো হবে।"
তিনি আরও বলেন, সত্যিকারের অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করা সুশাসনের অন্যতম শর্ত।
0 Comments