সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার, ৫ আগস্টের ভিডিও ঘিরে নতুন আলোচনা

ফ্রিডম নিউজ বিডি ২৪


ঢাকা বিশেষ প্রতিনিধি  : ফ্রিডম নিউজ বিডি ২৪

প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬

 রাজধানীর উত্তরখান থানাধীন রাজাবাড়ী নদীর ঘাট এলাকা থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে তুরাগ নদী সংলগ্ন ওই ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের তথ্য অনুযায়ী, তিনি গত ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন। তিনি উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।

তাহসিফ সৌরি বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণভবনের পেছনে অবস্থিত বাণিজ্যমেলা মাঠ থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার হেলিকপ্টারে করে পলানোর সময় ধারণ করা একটি ভিডিও প্রথম প্রচারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচয় নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। সংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন সূত্রে দাবি করা হয়, ওই ভিডিওটি তিনি প্রথম প্রচার করেছিলেন এবং এর পর তিনি স্বেচ্ছায় বিমান বাহিনী থেকে পদত্যাগ করেন।

তবে ওই ভিডিও তিনি ধারণ করেছিলেন কি না এবং তার মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, তা নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর ২৯ অক্টোবর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু নিয়ে দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার জড়িত থাকার মতো নানা দাবি ছড়ালেও এর পক্ষে কোনো যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বলছে, মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট ও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Post a Comment

0 Comments