ভ্রমণ হলো বাংলাদেশকে চেনার সবচেয়ে সুন্দর উপায়। ৬৪ জেলা যেন ৬৪ রকম গল্প। কিন্তু ৬৪ জেলার মধ্যে আপনি কতটি ঘুরেছেন, সেই হিসাব কি আছে?
সেই হিসাবই এখন চোখের সামনে তুলে ধরবে আনসিন বাংলাদেশ ওয়েবসাইট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভ্রমণ ম্যাপটি ভাইরাল।
যেভাবে ম্যাপ বানাবেন:
ম্যাপটি তৈরি করতে যেতে হবে ‘আনসিন বাংলাদেশ’ ওয়েবসাইটে। প্রবেশ করলেই আট বিভাগের ৬৪ জেলার তালিকা পাবেন। আপনি যেসব জেলায় ঘুরেছেন, সেগুলোতে ক্লিক করে নির্বাচন করতে পারবেন। চাইলে পাশে থাকা বাংলাদেশের মানচিত্রে সরাসরি ক্লিক করেও বেছে নেওয়া যাবে। জেলার নাম লিখে খুঁজে নেওয়ার সুবিধাও আছে।
যতগুলো জেলা নির্বাচন করবেন, ম্যাপে তার হিসাব দেখাবে - যেমন ১০/৬৪। সব জেলা একসঙ্গে নির্বাচন করতে ‘সব বাছাই করুন’ এবং নতুন করে শুরু করতে ‘সব মুছুন’ অপশন রয়েছে।
থিম, নাম ও ছবি যোগ:
ম্যাপটি সাজানোর জন্য ৫টি থিম রয়েছে। চাইলে নিজের ছবি ও নাম যোগ করতে পারবেন। নাম না দিলে ম্যাপে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।
এরপর নিচে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশন থেকে PNG, JPG বা PDF আকারে ডাউনলোড করে ফেসবুকে শেয়ার করতে পারবেন।
শুধু ম্যাপ নয়, পুরো ট্রিপ প্ল্যান:
ওয়েবসাইটটিতে রয়েছে ৬৪ জেলার ২৪০+ দর্শনীয় স্থানের তথ্য, কিভাবে যাবেন, আনুমানিক খরচ ও থাকার জায়গা। একসঙ্গে কয়েকটি জেলা ঘুরতে চাইলে ‘ট্রিপ প্ল্যানার’ দিয়ে রুট, বাজেট, দিন ও সদস্য সংখ্যা ঠিক করে পুরো পরিকল্পনা প্রিন্ট বা PDF নিতে পারবেন।
ভ্রমণকে মজার করতে রয়েছে ‘বাংলাদেশকে কতটা চেনেন?’ কুইজ ও ৬৪ জেলার ম্যাপ পাজল।
এই উদ্যোগের পেছনে রয়েছেন ডিজাইনার ও ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিন। নিজের ভ্রমণের হিসাব রাখতে গিয়েই এই অ্যাপের ধারণা আসে তার মাথায়। রবিবার রাতে একসঙ্গে ১২০০+ মানুষ ওয়েবসাইটে ছিলেন বলে জানান তিনি। শিগগিরই কাস্টম ডোমেইন ও প্লে স্টোরে অ্যাপ আসছে।
0 Comments