ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আগুন: তাড়াহুড়ো করে নামতে গিয়ে শিশুসহ ৬ জনের মৃত্যুর অভিযোগ

ছবি সংগৃহীত 



জাতীয় ডেস্ক । ফ্রীডম নিউজ বিডি ২৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার পর তাড়াহুড়ো করে নামতে যেয়ে এক শিশুসহ অন্তত ছয়জন মারা গেছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এই আগুন লাগে। তবে প্রশাসন এখনো এই মৃত্যুর সংখ্যা পুরোপুরি নিশ্চিত করেনি।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে বলেছিল আগুনে কেউ হতাহত হয়নি। কিন্তু পরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা যায়, আগুন দেখে ভয় পেয়ে নামার সময় মানুষের পায়ের নিচে চাপা পড়ে ছয়জন মারা গেছেন।
মারা যাওয়া পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলে নেত্রকোনার হাজেরা বেগম (৫০), ফুলবাড়িয়ার শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) এবং তারাকান্দার কুলসুমা (৩৫)। নিহত অপর শিশুর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
সেখানে থাকা মানুষের অভিযোগ, আগুন লাগার পর ভবন থেকে বের হওয়ার পর্যাপ্ত রাস্তা ছিল না। ভবনে আরও চারটি জরুরি সিঁড়ি থাকলেও সেগুলো সবসময় তালা মারা থাকত। ফলে সবাই একমাত্র খোলা সিঁড়িটি দিয়ে একসঙ্গে নামার চেষ্টা করেন। আর তাতেই এই দুর্ঘটনা ঘটে।
অবশ্য এই মৃত্যুর সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি আছে। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির জানান, মর্গের তথ্যের সঙ্গে জরুরি বিভাগের তথ্যের মিল নেই। তাই ভালোভাবে তদন্ত ছাড়া সুনির্দিষ্ট সংখ্যা বলা যাচ্ছে না।
ময়মনসিংহের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান জানিয়েছেন, পুলিশ ও জেলা প্রশাসন ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সত্যতা যাচাই করে দ্রুতই সব বিস্তারিত জানানো হবে।

Post a Comment

0 Comments