![]() |
| ছবি সংগৃহীত |
পাবনা প্রতিনিধি | ৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনা শহরের ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে প্রান্থ কুমার দাস নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার ৭ সেপ্টেম্বর সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন পাবনা ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দির খোলার পর প্রান্থ কুমার দাস মন্দিরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ। একপর্যায়ে তিনি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেন। বিষয়টি টের পেয়ে মন্দির কর্তৃপক্ষের লোকজন তাকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
প্রান্থ কুমার দাসের বয়স ২৫ বছর। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার সুধিরপুর এলাকায়। তার বাবার নাম প্রশান্ত চন্দ্র মণ্ডল
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান, আটক প্রান্থ মানসিকভাবে অসুস্থ। মন্দিরে ঢোকার পর তার মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় তিনি ভাঙচুর শুরু করেন। এ ঘটনায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, "মন্দির কর্তৃপক্ষ তাকে আটক করে রাখার পর আমরা তাকে নিয়ে এসে আইনগত ব্যবস্থা নিয়েছি।"
ঘটনার পর মন্দির এলাকায় কিছুক্ষণ উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
