অনলাইন ডেস্ক:
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবারও ভারতের অংশ হয়ে উঠবে—এমন বিতর্কিত ও বিস্ফোরক দাবি করেছেন ভারতের আলোচিত যোগগুরু বাবা রামদেব। সম্প্রতি রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
রামদেব দাবি করেন, ভারতের মর্যাদা ও সম্মান রক্ষা করাই এখন মূল বিষয়। দেশের অভ্যন্তরীণ ধর্মীয় পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ভারতে হিন্দু, ইসলাম কিংবা খ্রিস্টান—কোনো ধর্মের অস্তিত্বই হুমকির মুখে নেই, বরং হুমকির মুখে রয়েছে দেশের মর্যাদা ও গৌরব। ছত্তিশগড়ে ধর্মান্তর বিরোধী আইনের আলোচনা এবং দেশে ধর্মীয় নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এসব অভিযোগ মূলত রাজনৈতিক কৌশল ও বাগাড়ম্বর মাত্র।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একটি বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে যোগগুরু বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা চরম অত্যাচার ও অবিচারের শিকার হয়েছে, যা মানব সভ্যতার ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ঘটনা।
সনাতন ধর্মের প্রাচীনতা ও শ্রেষ্ঠত্ব তুলে ধরে তিনি বলেন, অতীতে তলোয়ারের ভয়, প্রলোভন কিংবা অলৌকিকতার দোহাই দিয়ে একদল মুসলিম ও খ্রিস্টানরা সনাতনী ভাইদের ধর্মান্তরিত করেছিল। তবে সনাতন ধর্মে কোনো ভেদাভেদ বা অস্পৃশ্যতার স্থান নেই দাবি করে তিনি বলেন, সমাজে কিছু বিকৃত মানসিকতার মানুষই কেবল এসব বৈষম্য সৃষ্টি করে।
শ্রীরামের মর্যাদা, শ্রীকৃষ্ণের যোগ ও কর্ম এবং মহাদেবের পবিত্রতাকে ধারণ করাই প্রকৃত সনাতনী হওয়া বলে উল্লেখ করেন রামদেব।
ভারতের অর্থনৈতিক ও আন্তর্জাতিক অবস্থান নিয়ে আশাবাদ ব্যক্ত করে যোগগুরু বলেন, "আমি চাই ভারতীয় অর্থনীতি বিশ্বের সেরা হোক, রুপির মূল্য ডলার ও পাউন্ডের সমকক্ষ হোক এবং ভারতীয় পাসপোর্ট এতটাই শক্তিশালী হোক যাতে ভারতীয়দের কোথাও ভিসার প্রয়োজন না হয়।" সেই সাথেই তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, একটু ধৈর্য ধরলেই সেই দিন দেখা যাবে যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান পুনরায় ভারতের সাথে একীভূত হবে।
