আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬
ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা দেওয়া হয়েছে। ভারত ও নেপালের দীর্ঘদিনের বিশেষ প্রতিরক্ষা সম্পর্কের অংশ হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৫০ সালে এই প্রথা চালুর পর থেকে ভারত ও নেপাল একে অপরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দিয়ে আসছে। নেপাল সফরে জেনারেল ধীরাজ শেঠ দেশটির সেনাপ্রধান জেনারেল সিগদেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
নেপালের প্রেসিডেন্টের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মাননা অনুষ্ঠানে দেশটির ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত রোববার নেপালে পৌঁছান জেনারেল শেঠ। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, তার এই সফরের মধ্য দিয়ে ভারত ও নেপালের দীর্ঘদিনের বিশেষ প্রতিরক্ষা সম্পর্ক আবারও গুরুত্বের সঙ্গে সামনে এসেছে। অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং দুই দেশের সেনাবাহিনীর দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতেই এই প্রতিরক্ষা সম্পর্ক গড়ে উঠেছে।
সফরকালে জেনারেল ধীরাজ শেঠ ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ভারত ও নেপালের সামগ্রিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস।
এদিকে সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন জেনারেল শেঠ। পরে তিনি নেপাল সেনাবাহিনীর সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং গার্ড অব অনার গ্রহণ ও পরিদর্শন করেন।
নেপাল সেনাবাহিনী আশা প্রকাশ করেছে, জেনারেল ধীরাজ শেঠের এই সফরের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার হবে।
সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান, সামরিক বৈঠক, কূটনৈতিক আলোচনা এবং সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হচ্ছে জেনারেল শেঠের নেপাল সফর। এসব কর্মসূচিতে ভারত ও নেপালের চলমান প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
