ঢাকার শর্তকে ‘রূঢ় ও অহংকারী’ বললেন সাবেক হাইকমিশনার বীণা সিক্রি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণকে যুক্ত করা সংক্রান্ত বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক সামাজিক মাধ্যমের বার্তার তীব্র সমালোচনা করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। ঢাকার এই অবস্থানকে তিনি ‘অত্যন্ত রূঢ়’ ও ‘অহংকারী’ বলে আখ্যায়িত করেছেন।
ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, সফর নিয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা এখনো চলছে এবং এর তারিখ ও অন্যান্য প্রস্তুতি নিয়ে কাজ হচ্ছে। তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন না—এমন কোনো বার্তা বাংলাদেশ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে দেয়া হয়নি।
সাবেক এই কূটনীতিকের মতে, এই শর্ত জুড়ে দেয়া থেকে প্রকাশ পায় যে ঢাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। তিনি মনে করিয়ে দেন, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদি তাকে দ্বিপক্ষীয় সফরের জন্য প্রথম আমন্ত্রণ জানান। পরবর্তীতে ব্রিকস সম্মেলনে অংশ নিতে দ্বিতীয়বার আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুলে সিক্রি বলেন, প্রত্যর্পণ একটি দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়া, যা শেষ হতে বছরের পর বছর সময় লেগে যেতে পারে। এই আইনি প্রক্রিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সফরকে যুক্ত করার দাবিকে তিনি কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন।
