অ্যাম্বুল্যান্স রাস্তার গর্তে গর্ভবতী নারীর নবজাতকের মৃত্যু

ছবি সংগৃহীত 
https://www.freedomnewsbd.com/2026/09/blog-post_793.html

  

আন্তর্জাতিক ডেস্ক | আগ্রা | সূত্র: আনন্দবাজার_


ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় খারাপ রাস্তার কারণে অ্যাম্বুল্যান্স আটকে গিয়ে গর্ভস্থ সন্তান হারালেন এক প্রসূতি। রাস্তার বড় গর্তে চাকা বসে যাওয়ায় প্রায় ২ ঘণ্টা আটকে থাকার পর হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় নবজাতকের।

গত ৩ সেপ্টেম্বর রাত ১টার দিকে ২৫ বছর বয়সী নিধির প্রসবযন্ত্রণা শুরু হয়। বিষয়টি জানতে পেরে স্বামী প্রবেন্দ্র সিংহ পরিবারের অন্য সদস্যদের জানান এবং দ্রুত অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন। 


আগ্রার বাহ্ এলাকার গধ্বর গ্রাম থেকে হাসপাতালে যাওয়ার পথেই ঘটে বিপত্তি। গ্রামের লিঙ্ক রোডের একটি বড় গর্তে পড়ে কাদায় আটকে যায় অ্যাম্বুল্যান্সের চাকা। 


স্থানীয়দের সহায়তায় চালক ও পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে অ্যাম্বুল্যান্সটি তোলার চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা পর ট্র্যাক্টর এনে গাড়িটি টেনে তোলা সম্ভব হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে তারা স্থানীয় একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান।

সেখানে চিকিৎসকেরা নিধির গর্ভস্থ সন্তানকে মৃত ঘোষণা করেন। তবে জরুরি ভিত্তিতে মায়ের চিকিৎসা শুরু করা হয়। বর্তমানে নিধির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।



ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টানা ভারী বৃষ্টির কারণে রাস্তাটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। একাধিকবার স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও রাস্তা সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।


সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাম্বুল্যান্স আটকে থাকার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি সামনে আসে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।



এ বিষয়ে মহকুমাশাসক বিনোদকুমার জানান, রাস্তার সমস্যা নিয়ে অভিযোগ পেয়েছেন তারা। ঘটনার তদন্তের পাশাপাশি দ্রুত রাস্তা মেরামতের আশ্বাসও দিয়েছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

আমাদের সম্পর্কে

Freedom News BD

অনুসরণকারী