কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে হৃদয়বিদারক পরিবেশে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত এই জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বজন ও স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন। মোনাজাতের সময় পুরো প্রাঙ্গণে নেমে আসে করুণ নীরবতা। অশ্রুসজল চোখে সবাই অপ্রতিমের আত্মার মাগফিরাত কামনা করেন।
জানাজার আগে গণমাধ্যমকে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ গন্ধমতি এলাকায় নেওয়া হবে। সেখানে বেলা ১১টায় গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের একমাত্র সন্তানকে এভাবে নৃশংসভাবে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এদিকে এই মর্মান্তিক মৃত্যুতে রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়জুড়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। শোক পালনের অংশ হিসেবে সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে বিভাগ থেকে জানানো হবে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিম। ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় জড়িত সন্দেহে ১৭ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, হত্যার সঠিক কারণ উদ্ঘাটনে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।
0 Comments