 |
| হুথির হামলার ছবি |
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রিডম নিউজ বিডি ২৪
প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬
প্রবাসী সুলতান মাহমুদ
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন।
সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, গত মঙ্গলবার (৬ অক্টোবর) ও বুধবার (৭ অক্টোবর) আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
জিএসিএ জানায়, আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত এবং ২৮ জন আহত হন। আর রিয়াদ বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত ও ৮ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জন সৌদি নাগরিক।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, রিয়াদের উত্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ইয়েমেনের রাজধানী সানায় হামলায় ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মও ধ্বংস করা হয়েছে।
এদিকে হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীর বিস্তীর্ণ এলাকা দখলে রেখেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, বুধবার ভোরে হুতিরা এডেন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
চলমান পরিস্থিতিতে সৌদিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
0 Comments