গাজীপুরে পুকুরে বিষ দিয়ে ১৬ হাজার মাছ মেরে ফেলার অভিযোগ
বিশেষ প্রতিনিধি :Freedom News BD
গাজীপুরের শ্রীপুরে এক মৎস্যচাষির পুকুরে বিষ দিয়ে প্রায় সাড়ে ১৬ হাজার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে ওই চাষির প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের জগদীশ মোড় এলাকা।
মৎস্যচাষি বাহরাম বাদশাহ ভাড়ায় নিয়ে এখানে মাছ চাষ করতেন।
পাঙাশ, রুই, তেলাপিয়া সহ আরও বিভিন্ন জাতের মাছ।
বৃহস্পতিবার সকালে চাষি দেখেন পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে উঠছে। প্রথমে ভাবা হয়েছিল অক্সিজেনের অভাব। পরে ওষুধ দিয়েও কোনো লাভ হয়নি।
বাহরাম বাদশাহর অভিযোগ, পুরনো শত্রুতার কারণে কেউ পরিকল্পনা করে পুকুরে বিষ দিয়েছে।
এই ঘটনায় শুক্রবার তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বলেছে, তদন্ত করে দোষী পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একজন চাষির সারা বছরের পরিশ্রম এভাবে নষ্ট হওয়ায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।