উত্তর গাজায় হামাসের সশস্ত্র শাখার প্রধান নিহত, দাবি ইসরায়েলের


ছবি সংগৃহীত 


উত্তর গাজায় হামাসের সশস্ত্র শাখার প্রধান নিহত, দাবি ইসরায়েলের


আন্তর্জাতিক ডেস্ক।  ফ্রিডম নিউজ বিডি ২৪

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬

 গাজার উত্তরাঞ্চলে হামাসের সশস্ত্র শাখার প্রধান ইজ্জ আদ-দীন আল-বেইক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি কর্মকর্তারা। হামাসও তাদের প্রধান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী আল-বেইককে লক্ষ্য করে হামলা চালায়। তাদের দাবি, হামাসের এই কমান্ডার হামলার পরিকল্পনা ও নতুন যোদ্ধা নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন।

চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, ভোরের দিকে গাজার নাসর এলাকায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালানো হয়। হামলায় আল-বেইক নিহত হন। পরে আহত অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

ইসরায়েলের দাবি, গত বছরের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির পরও হামাস পুনরায় অস্ত্র সংগ্রহ এবং হামলার প্রস্তুতি নিচ্ছে। এ অভিযোগের মধ্যেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় হামাসের বিভিন্ন সদস্য ও স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলা বেড়েছে।

এর আগে গাজায় পৃথক দুটি ইসরায়েলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হন বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

একটি হামলায় গাজার একটি ভবনের ছাদে থাকা এক নারী নিহত হন। এ ঘটনায় তার স্বামীসহ আরও কয়েকজন আহত হন বলে চিকিৎসাকর্মীরা জানান।

অন্য একটি হামলায় মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে এক নারী নিহত এবং কয়েকজন আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, নুসেইরাতে তারা একজন সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, চলতি মাসে তারা হামাসের অন্তত ২০ জন সদস্যকে হত্যা করেছে। নিহতদের মধ্যে কয়েকজনকে জ্যেষ্ঠ কমান্ডার এবং কয়েকজনকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা বা ইসরায়েলি জিম্মিদের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছে ইসরায়েল।

তবে হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটির দাবি, তারা নতুন করে হামলা চালানোর চেষ্টা করছে না এবং তাদের অস্ত্রভাণ্ডার পুনর্গঠনেরও চেষ্টা করছে না। একই সঙ্গে হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি দুর্বল করার অভিযোগ তুলেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তাতে গাজা পুনর্গঠনের পথ তৈরির কথা বলা হয়। তবে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় চুক্তির বাস্তবায়ন থমকে আছে।

এর মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উপত্যকাটিতে অন্তত ১,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, একই সময়ে তাদের চারজন সেনা নিহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, ২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের দক্ষিণ ইসরায়েলে হামলার পর গাজায় শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ মানুষ নিহত হন বলে ইসরায়েল জানিয়েছে।

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম আর টি ই নিউজ 

অনুবাদক. সম্পাদক ও প্রকাশক মঈনুল ইসলাম 

Post a Comment

0 Comments