আন্তর্জাতিক ডেস্ক । ফ্রীডম নিউজ বিডি ২৪
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেও দেশটিতে থেকে যেতে পারে যুক্তরাষ্ট্র এবং একই সঙ্গে ওয়াশিংটন ইরানের তেল নিজেদের দখলে রাখতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
রোববার ১৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরকালে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে ইরান যুদ্ধ এ বছরই শেষ হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান থেকে যুক্তরাষ্ট্র পুরোপুরি সরে না গিয়ে সেখানে অবস্থান করে দেশটির তেল নিজেদের দখলে রাখতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ক্ষেত্রে তিনি ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চুক্তির উদাহরণ টেনেছেন। ভেনেজুয়েলার বিপুল তেল মজুতের এক–পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে কথা বলার সময় ট্রাম্প বলেন, _‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে চলে আসব। তবে ভেনেজুয়েলার মতো সেখানে অবস্থান করে তেল নিজেদের দখলে রাখার সিদ্ধান্ত নিলে বিষয়টি আলাদা।’_
তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘ ইরান যুদ্ধের খরচ বহুগুণে উঠে এসেছে’।
ট্রাম্প আশা প্রকাশ করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এ বছরই শেষ হবে। যুক্তরাষ্ট্রে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন হওয়ার পরপরই যুদ্ধ শেষ হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানের যুদ্ধ শেষ হলেই যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম ‘খুব দ্রুত’ কমে যাবে। মূলত মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারে তেলের দামও ব্যাপকভাবে ওঠানামা করছে। সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলার পর সোমবার ১৪ সেপ্টেম্বর তেলের দাম আবারও বাড়তে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
তিনি বলেন, তিনি শুধু ‘সঠিক চুক্তি’ করতে চান। ‘ভালো নয়’ এমন কোনো চুক্তিতে তিনি যাবেন না। যা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়।
ইরান বারবার শান্তি আলোচনার জন্য যোগাযোগ করছে বলেও দাবি করেন তিনি। তবে এর আগে তেহরান এমন দাবি নাকচ করেছে।
0 Comments