 |
| ছবি সংগৃহীত |
ফ্রিডম নিউজ বিডি ডেস্ক | আন্তর্জাতিক ও জাতীয়
প্রকাশিত ২১ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার পরও আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। অথচ ঠিক উল্টো চিত্র বাংলাদেশে, এখানে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা ০.৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩.০৬ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৯ সেন্ট বা ০.৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯.৪১ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে আরামকোর একটি তেল স্থাপনাও ছিল। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হুথিদের ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। হামলার পর সৌদি আরব থেকে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে।
অন্যদিকে বাংলাদেশে ঠিক উল্টো সিদ্ধান্ত। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ রোববার (২০ সেপ্টেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করে সব ধরনের তেলের দাম ২০ টাকা করে বাড়িয়েছে। নতুন দাম আজ থেকেই কার্যকর।
সরকারের যুক্তি, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে দাম ও পরিবহন খরচ বেড়েছে এবং বিপিসি প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসানে আছে।
কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ — বিশ্ববাজারে যখন তেলের দাম কমছে, তখন দেশে কেন বাড়ছে? এর আগে যখন বিশ্ববাজারে দাম বাড়ে, তখন সরকার সমন্বয়ের কথা বলে দাম বাড়ায়। কিন্তু দাম কমলে সেই সমন্বয় আর দেখা যায় না।
এ নিয়ে ৮ মাসে তিন দফা তেলের দাম বাড়ল। এতে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন খরচ এবং নিত্যপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ভোক্তারা।
0 Comments