পানির সংকট নিরসনের দাবিতে সিসিক ভবনে বিক্ষোভ ও ভাঙচুর, গ্রেপ্তার ৬

ছবি সংগৃহীত 

সিলেট ব্যুরো, Freedom News BD

৩ সেপ্টেম্বর ২০২৬


পানির সংকটের প্রতিবাদে বালতি, কলস ও মগ নিয়ে সিলেট সিটি করপোরেশন ভবনে আন্দোলন  করেছেন জল্লারপার এলাকাবাসী। এ সময় ভাঙচুরের অভিযোগে ৬ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগর ভবনের ষষ্ঠ তলার পানি শাখায় এ ঘটনা ঘটে।


সিসিক সূত্র জানায়, সকালে জল্লারপার এলাকার লোকজন বালতি-কলস নিয়ে নগর ভবনে আসেন। তারা পানি শাখার সামনে দাঁড়িয়ে ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেন। এক পর্যায়ে পানি শাখার নির্বাহী প্রকৌশলীর দপ্তরে হামলা ও ভাঙচুর হয়। এতে ষষ্ঠ তলার একটি জানালা ভেঙে যায়। ভয়ে দপ্তরের কাজ বন্ধ হয়ে যায় এবং সেবা নিতে আসা মানুষের মধ্যে ভয় ছড়ায় যায়।


পরে সিসিকের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেন। তাদের কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।


গ্রেপ্তাররা হলেন: মিরাজ, তাহমিদ, তাহের, জুয়েল, রুহান ও মারুফ। সবার বাড়ি জল্লারপার এলাকায়।


এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে সিসিকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি খান মো. মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।


তবে অভিযুক্ত তাহের বলেন, তারা শান্তিপূর্ণভাবে পানির দাবি জানাতে গিয়েছিলেন। সোমবার কর্মকর্তারা ৩ দিনের মধ্যে পানি দেওয়ার কথা বললেও তা হয়নি। তাই বৃহস্পতিবার আবার যান তারা। তার দাবি, কোনো ভাঙচুর হয়নি। অন্যায়ভাবে তাদের আটক করা হয়েছে।


সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “দাবি জানানোর নিয়ম আছে। তারা আমার সঙ্গে আলোচনা করতে পারতেন। কিন্তু ভবনে উঠে আন্দোলন ও ভাঙচুর কাম্য নয়।”


তিনি আরও বলেন, বর্ধিত ওয়ার্ডগুলোকে দ্রুত উন্নয়নের আওতায় আনা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

আমার সম্পর্কে

Freedom News BD