সিসিটিভির সেই কিশোর কে, অপ্রতিমের মৃত্যুর রহস্যে নতুন সূত্র

ছবি সংগৃহীত 

কুমিল্লা প্রতিনিধি: ফ্রীডম নিউজ বিডি ২৪

প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম হত্যার ঘটনায় নতুন মোড়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে এক কিশোরের উপস্থিতি শনাক্ত করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পরপরই কোটবাড়ী এলাকা থেকে ওই কিশোরকে আটক করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের স্বার্থে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্য যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে কোটবাড়ীর ভাড়া বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিম।

এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ যৌথভাবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। ফুটেজে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ক্যাপ পরা এক কিশোরের সঙ্গে ঘোরাঘুরি করছে অপ্রতিম। কিশোরটি বয়সে অপ্রতিমের চেয়ে বড়। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি পুলিশকে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীম বলেন, শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি টিম কাজ করছে। সিসিটিভিতে স্থানীয় এক ছেলেকে অপ্রতিমের সঙ্গে দেখা গেছে, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে থাকা আইফোনটি এখনো উদ্ধার হয়নি। ফোন ছিনিয়ে নিতেই এই হত্যা কি না, তা এখনো নিশ্চিত নয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 

Post a Comment

0 Comments