 |
| ফ্রিডম নিউজ বিডি ২৪ |
নিজস্ব প্রতিবেদক ফ্রীডম নিউজ বিডি ২৪
প্রকাশিত : ২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানের 'টস বন্ড প্রাইভেট লিমিটেড'-এ যৌথ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ৪টি গুদাম সিলগালা করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এই অভিযান পরিচালনা করে। প্রাথমিকভাবে 'গুরুতর অসংগতি' পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য গুদামগুলো সিলগালা করা হয়। রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত এই অভিযান চলে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, ডিপ্লোমেটিক ওয়্যারহাউজ 'টস বন্ড' বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহ করে। তবে শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে কয়েক মাস ধরেই অনুসন্ধান চলছিল।
এনবিআর বলছে, প্রতিষ্ঠানটির অনুমোদিত গুদাম ২টি, কিন্তু অভিযানে ৪টি গুদামে পণ্য মজুতের প্রমাণ মিলেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সফিউর রহমান বলেন, "অনুমোদনের বাইরে দুটি অবৈধ গুদামে মজুতের প্রমাণ পেয়েছি। তাই সিলগালা করা হয়েছে।"
জানা গেছে, সিলগালা করা প্রতিষ্ঠানটি কাগজে-কলমে সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানায় না থাকলেও তার ছত্রছায়াতেই পরিচালিত হতো।
এদিকে এনবিআরের সিআইসি ও আয়কর গোয়েন্দা ইউনিট কানাডা থেকে গোয়েন্দা প্রতিবেদন সংগ্রহ করেছে। তাতে নুর ইসলাম, তার স্ত্রী শীলা ইসলাম ও মেয়ে তাসনিম ইসলামের কানাডায় নাগরিকত্ব, সন্দেহজনক লেনদেন ও অন্তত চারটি কোম্পানির মালিকানার তথ্য মিলেছে। ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৬৩টি আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকা রেমিটেন্স আনার তথ্যও পাওয়া গেছে।
তদন্ত কর্মকর্তারা বলছেন, এই তদন্ত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, অনেক আগে থেকেই চলছিল।
0 Comments