পরীক্ষায় এআই ব্যবহার করে ধরা, সন্ধ্যায় শিক্ষার্থীর আত্মহত্যা

ছবি সংগৃহীত 

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রীডম নিউজ বিডি ২৪

প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০২৬


পরীক্ষায় মোবাইল ফোনে ChatGPT ব্যবহার করে উত্তর খোঁজার সময় ধরা পড়ার পর ভারতের আইআইটি বোম্বের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পওয়াই ক্যাম্পাসের হল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম সাহিল ওয়াকোদে। তিনি এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত ছয় মাসে আইআইটি বোম্বে ক্যাম্পাসে এটি তৃতীয় আত্মহত্যার ঘটনা।

ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা চলাকালীন ওই শিক্ষার্থী প্রশ্নপত্র চ্যাট জি পি টি ( ChatGPT-)তে আপলোড করেছিলেন। পরে শিক্ষক ও বিভাগীয় প্রধান তার সঙ্গে কথা বলেন এবং কাউন্সেলিং করেন। তাকে ভরসা দেওয়া হয়েছিল যে এ ঘটনায় তার একাডেমিক ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়বে না। এরপর তিনি হলে ফিরে যান। সন্ধ্যায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনার পর ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ মোতায়েন করা হয়। ডিসিপি দত্তাত্রেয় নালাওয়াড়ে জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রশাসনের সাথে আলোচনা চলছে।

এদিকে শিক্ষার্থীদের একাংশ অভিযোগ করছেন, প্রশাসন পুরো সত্য গোপন করছে। তাদের দাবি, ওই শিক্ষার্থীকে এক বছরের জন্য বরখাস্তের হুমকি দেওয়া হয়েছিল, যার কারণে তাকে হল ছাড়তে হতো। যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সুত্র: এনডিটিভি 

Post a Comment

0 Comments