রংপুরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে পলাতক

গ্রাফিতি ফ্রীডম নিউজ বিডি ২৪


রংপুর প্রতিনিধি | ফ্রীডম নিউজ বিডি ২৪

প্রকাশিত :২৬ সেপ্টেম্বর ২০২৬


রংপুরের পীরগাছায় পারিবারিক কলহের জেরে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫)। তিনি ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাসানুর রহমানের (২২) তিন মাস আগে বিয়ে হয়। বিয়ের পর তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। শুক্রবার রাতে তার শাশুড়ি কয়েকজন স্বজনকে নিয়ে হাসানুরদের বাড়িতে আসেন।

এ সময় মেহমানদের আপ্যায়নকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবা মাহাবুর হোসেন ছেলে হাসানুরকে চড় মারেন। এতে ক্ষুব্ধ হয়ে হাসানুর ঘরে থাকা ধারালো চাকু দিয়ে বাবার বুকে আঘাত করেন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাহাবুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগাছা থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত হাসানুর রহমান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। 

Post a Comment

0 Comments