কেরানীগঞ্জে ৯ হাজার মুখোশ ও ককটেল বানানোর সরঞ্জামসহ যুবলীগ নেতা আটক

গ্রাফিতি ফ্রীডম নিউজ বিডি ২৪


কেরানীগঞ্জ, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬


দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মুখোশ ও ককটেল তৈরির জিনিসপত্রসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম জাহিদ হাসান ইমন। তার বয়স ৩০ বছর। তিনি লালবাগের ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ হয়। ওই ঘটনার পর তদন্ত শুরু করে যাত্রাবাড়ী, শ্যামপুর ও ওয়ারী থানার পুলিশ। তদন্ত করতে গিয়ে জাহিদ হাসান ইমনের নাম উঠে আসে।

এরপর শুক্রবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের বাগাশুর এলাকায় অভিযান চালায় শ্যামপুর মডেল থানার পুলিশ। সেখান থেকে ইমনকে আটক করা হয়।

এ সময় তার বাসা থেকে ককটেল তৈরির নানা সরঞ্জাম, লাল ও কালো কস্টেপ, ৯ হাজার কাগজের মুখোশ, ৩০ প্যাকেট ইলাস্টিক এবং একটি ব্লেন্ডার উদ্ধার করা হয়।

ডিএমপির যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ মিয়া বলেন, মুখোশগুলো মানুষের মুখের মতো করে বানানো। মিছিল বা অপরাধ করার সময় যাতে কেউ চিনতে না পারে, সে জন্য এগুলো ব্যবহার করার পরিকল্পনা ছিল।

জিজ্ঞাসাবাদে ইমন বলেছেন, লালবাগের এক নেতার নির্দেশে এক ভ্যানচালকের মাধ্যমে মুখোশগুলো তার কাছে আসে। নেতাকর্মীদের মধ্যে বিতরণ করার জন্য তিনি বাসায় রেখেছিলেন। তার বাসায় আরেকজন এসে এসব জিনিস গুঁড়ো করে ককটেল বানাতো।

পুলিশ আরও জানায়, ইমনের বিরুদ্ধে শাহবাগ ও লালবাগ থানায় আগের দুটি মামলা রয়েছে।

সামনে কোনো নাশকতার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে পুলিশ জানায়, তারা সতর্ক আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ করছে পুলিশ । 

Post a Comment

0 Comments