আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত শতাধিক দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করছে বাংলাদেশ— এমন খবর গণমাধ্যমে এলেও এ বিষয়ে ঢাকার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি নয়াদিল্লি।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিগত সরকারের সময়ে স্বাক্ষরিত শতাধিক চুক্তি ও এমওইউ পুনরায় যাচাই করছে বাংলাদেশ। এর মধ্যে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতীয় ট্রানজিট পণ্য পরিবহনের মতো গুরুত্বপূর্ণ চুক্তিও রয়েছে। এ বিষয়ে ঢাকা আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কি না।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরাও এই সংক্রান্ত বেশ কিছু সংবাদ গণমাধ্যমে দেখেছি, তবে এ বিষয়ে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি।’
তিনি আরও বলেন, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
গঙ্গা চুক্তি ও জেআরসি বৈঠক
১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হয়ে আসা এবং যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকের অগ্রগতি নিয়েও প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে।
এ বিষয়ে মুখপাত্র জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে পানিসম্পদ ও নদী সংক্রান্ত সব বিষয় আলোচনার জন্য যৌথ নদী কমিশনের প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে। এই কাঠামোর আওতায় পানি বণ্টনসহ বিভিন্ন বিষয়ে কারিগরি পর্যায়ের আলোচনা নিয়মিতভাবে চলছে।
0 Comments