ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণি পড়ুয়া ছেলেকে গলায় অস্ত্র ধরে প্রবাসীর স্ত্রীকে (৩৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগও করেছেন ভুক্তভোগী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গফরগাঁওয়ে এক প্রবাসীর ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই রাজীব (২৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই প্রবাসীর স্ত্রী নবম শ্রেণি পড়ুয়া ছেলেকে নিয়ে বাড়িতে একা থাকেন। রাত ৮টার দিকে ৫ যুবক বাড়িতে গিয়ে পানি ও কুড়াল চায়। ছেলে পানি দিতে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে ঢুকে ভাঙচুর চালায় তারা। এ সময় নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট এবং ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করা হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেন। রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে অভিযান চালিয়ে রাজীবকে আটক করে পুলিশ । বাকি ৪ জন পালিয়ে যায়।
গফরগাঁও থানা পুলিশ জানায়, আটকের সময় অভিযুক্ত মোবাইল ফোন পানিতে ফেলে দেয়, পরে তা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস বলেন, "ভুক্তভোগী ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। একজকে আটক করা হয়েছে। মেডিকেল রিপোর্ট ও অন্যান্য আলামত যাচাই করে ঘটনার সত্যতা নিশ্চিত করা হবে। মামলা প্রক্রিয়াধীন এবং বাকিদের আটকে অভিযান চলছে।"
0 Comments