রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
পোস্টে শফিকুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এ ধরনের পদক্ষেপ নেওয়ায় তিনি বিস্মিত। তাঁর দাবি, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে আরও কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব ছিল।
তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে সাধারণ মানুষের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে—এমন বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার কথাও বলেন তিনি।
এদিকে বুধবার মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের সংঘর্ষ হয়। এ সময় সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে আগুন এবং একটি পুলিশ গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
শফিকুর রহমান আরও বলেন, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগেরও তদন্ত ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সমস্যার সমাধানে সমন্বিত, সুপরিকল্পিত ও মানবিক উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
0 Comments