টঙ্গীর থাপ্পড় কাণ্ডে ফেসবুকে আলেম সমাজকে ঢালাওভাবে ভিলিফাই না করার আহ্বান সিআইডি কর্মকর্তার

বিশেষ প্রতিনিধি। ফ্রিডম নিউজ বিডি ২৪

প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬ 

শামিম আনওয়ার সি আই ডি কর্মকর্তা 


গাজীপুরের টঙ্গীতে আলিয়া মাদ্রাসার শিক্ষক কর্তৃক নারী শিক্ষার্থীকে হেনস্তা ও তার জেরে এক অভিভাবকের থাপ্পড় কাণ্ড নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনার মধ্যে ভিন্নমত প্রকাশ করেছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

সিআইডি হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল স্পেশাল এসপি শামীম আনোয়ার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, বলাৎকারে জড়িত হুজুরদের শুধু থাপ্পড় বা কয়েক বছরের জেল নয়, ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন।

তিনি বলেন, "আমাদের দেশের মাদ্রাসাগুলো দরিদ্র জনগোষ্ঠীর স্বপ্ন, বেঁচে থাকার অবলম্বন। বহু কষ্টের মধ্যেও তারা বুকের ধনকে হুজুরের কাছে দিয়ে আসে কোরআনে হাফেজ বা আলেম বানানোর স্বপ্নে। বলাৎকারী হুজুররা সেই স্বপ্নের গায়ে কালি ছিটিয়ে দেয়।"

তবে অপরাধীর শাস্তির দাবি জানাতে গিয়ে গোটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও আলেম সমাজকে অপমান করার প্রবণতার সমালোচনা করেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি লেখেন, "আমি হাজার বার দেখেছি, তাদের ৯৯% ই খুব বিনয়ী, ভদ্র ও ইতিবাচক চিন্তার। সরকারি নিয়ন্ত্রণ না থাকা ও নীতিনির্ধারকদের ভুলে অতি ক্ষুদ্র অংশ লেবাসধারী অমানুষ এমন অপকর্মের সাহস পায়।"

শামীম আনোয়ার প্রশ্ন তোলেন, "ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার ধর্ষণ করলে আমরা কি সবাইকে ধর্ষক বলি? তাহলে কয়েকজনের দোষে কেন বলব মাদ্রাসা মানেই বলাৎকারের আস্তানা?"

গোটা ব্যবস্থাকে উপহাস না করে মাদ্রাসায় কঠোর নজরদারি, সার্ভেইল্যান্স ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানানোর আহ্বান জানান তিনি। 

Post a Comment

0 Comments